কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

রাজনীতি
কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
নিউজ ডেস্ক
৫ আগস্ট ২০২৫

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকীর দিনে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ দুপুরে কক্সবাজারের একটি হোটেলে বৈঠক করেছেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতাদের সঙ্গে।

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ — হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা। দুই ঘণ্টার এই অনানুষ্ঠানিক আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, গণতন্ত্রের উত্তরণ এবং চলমান অন্তর্বর্তী রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বৈঠক সম্পর্কে এখনো এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনা হতে পারে আসন্ন ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রকাশের প্রাক্কালে আন্তর্জাতিক সমর্থন ও দিকনির্দেশনা নিয়ে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্মরণযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এর পর গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার অন্যতম অঙ্গীকার ছিল একটি সর্বজনীন রাজনৈতিক সনদের ভিত্তিতে গণতান্ত্রিক উত্তরণ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকেই গড়ে ওঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যারা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর অন্যতম সংগঠক হিসেবে বিবেচিত।

সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’, যার মধ্যে নতুন সংবিধান প্রণয়ন, ন্যায্য কোটানীতি, অংশগ্রহণমূলক শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার থাকবে বলে ধারণা করা হচ্ছে।