বিএনপির আশ্রয়েই টিকে আছে ফ্যাসিস্টের নেতাকর্মীরা: নাহিদ ইসলাম

রাজনীতি
বিএনপির আশ্রয়েই টিকে আছে ফ্যাসিস্টের নেতাকর্মীরা: নাহিদ ইসলাম
৪ নভেম্বর ২০২৬

গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের যথাসময়ে পরিকল্পনা গ্রহণে ব্যর্থতার কারণেই আন্দোলনের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টদের কেউ অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করে থাকলে এর দায় সরকারকেই নিতে হবে। ন্যায্য দাবির আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত না করে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সারাদেশে ফ্যাসিস্টের নেতাকর্মীদের পেলেপুষে রাখছে বিএনপি। আওয়ামী লীগের ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।’

সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, সরকারি দলের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির বিরুদ্ধে এনসিপি কর্মসূচি পালন করছে। জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথেই সরকারকে জবাব দিতে হবে। সরকারকে শায়েস্তা করার আর কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে ব্যর্থতা, যে পারফরম্যান্স, সেটার ওপরে আস্থা নেই। তাই ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে এবং সরকার আর আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এটা এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে।’

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।