টানা তৃতীয় দফায় বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দামে এক ভরি স্বর্ণ কিনতে আগের চেয়ে আরও বেশি অর্থ গুনতে হবে ক্রেতাদের।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা। নির্ধারিত এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে, গত ৪ নভেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ফলে মাত্র এক দিনের ব্যবধানে দুই দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৮ হাজার ৮০৬ টাকা বেড়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।


