শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি , দেশজুড়ে দোয়ার আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় আগামী শনিবার (২ আগস্ট) তার বাইপাস সার্জারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এই তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ডা. শফিকুর রহমানের হৃদপিণ্ডের তিনটি প্রধান ধমনীতে সমস্যা ধরা পড়ায় সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, “আমাদের প্রিয় রাহবারের (নেতার) সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়ার আহ্বান জানাচ্ছি। নফল ইবাদত, রোজা, দান-সদকা ও খাস দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করুন।”
তিনি আরও বলেন, “আসন্ন জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে জামায়াতের নেতাকর্মীসহ মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমিরকে সুস্থ করে দ্বীনের কাজের জন্য আবার ফিরিয়ে আনেন।”
জামায়াত নেতারা জানিয়েছেন, দেশ ও প্রবাসে অবস্থানরত দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের মধ্যেও এ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ বিরাজ করছে। আমিরের সুস্থতার জন্য ইতোমধ্যে বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন শুরু হয়েছে।
দলটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে যেন ধর্মপ্রাণ মুসলমানরা ব্যক্তি, পারিবারিক ও সামাজিকভাবে তার সুস্থতা কামনায় অংশ নেন।
জানা গেছে, ডা. শফিকুর রহমানের হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনজনিত জটিলতা দেখা দিলে সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। উন্নত পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।


