শিবিরের ডিরেকশনে জুলাই অভ্যুত্থান হয় নাই: নাহিদ ইসলাম
ছাত্রশক্তির গঠন ও কর্মকাণ্ড নিয়ে ‘মিথ্যাচার’ ছড়াচ্ছেন শিবিরপন্থী নেতা সাদিক কায়েম—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “সম্প্রতি একটি টকশোতে সাদিক কায়েম দাবি করেছেন, ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল এবং আমরা তাদের নির্দেশে কাজ করতাম। এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি বলেন, ঢাবির ‘গুরুবার আড্ডা’ পাঠচক্র, ছাত্র অধিকার আন্দোলনের পদত্যাগকৃত অংশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডি সার্কেল মিলেই ছাত্রশক্তির সূচনা হয়। “আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, সব পক্ষের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু যোগাযোগ থাকার অর্থ নির্দেশনা মেনে চলা নয়।”
নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়েই সাদিক কায়েম ‘সমন্বয়কের’ ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। অথচ তিনি কখনোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না।
তিনি বলেন, “শিবিরের একটি অংশের অবদান ছিল, তা অস্বীকার করছি না। তবে এটিকে শিবিরের একক পরিকল্পনা ও নেতৃত্ব দাবি করা অযৌক্তিক। অভ্যুত্থানে অনেক গোষ্ঠী, মতাদর্শ ও ছাত্রজোট একত্রে কাজ করেছে।”
নাহিদ আরও বলেন, “সাদিক কায়েম ও তার সহযোগীরা এখন ‘অভ্যুত্থান ছিল শিবিরের’ এই প্রচার চালিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। এর পেছনে গোষ্ঠীস্বার্থ ও ক্ষমতার ভাগাভাগির খেলা চলছে।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “জনতার বিপ্লবকে একক দখলে নেওয়ার যে কোনো প্রচেষ্টা ইতিহাস প্রত্যাখ্যান করবে। গণজাগরণ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”


