“পিআর পদ্ধতির জোরে নির্বাচন নয়, মানুষের চেনা পথেই ভোট হোক”— মির্জা ফখরুল

রাজনীতি
“পিআর পদ্ধতির জোরে নির্বাচন নয়, মানুষের চেনা পথেই ভোট হোক”— মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির দাবি এখন এমনভাবে সামনে আনা হচ্ছে যেন এটি ছাড়া নির্বাচনই সম্ভব নয়। অথচ দেশের সাধারণ মানুষ এই ব্যবস্থাটি বোঝে না এবং এ ধরনের পদ্ধতির ওপর নির্ভরতা অযৌক্তিক বলে মনে করছেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।

ফখরুল বলেন, “দেশের মানুষ এখনো ইভিএম ব্যবহার করতে পারছে না। ভোটাধিকারই রক্ষা করতে পারছে না। সেখানে গিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতির মতো জটিল প্রক্রিয়া তাদের বোঝানো বাস্তবতা থেকে অনেক দূরে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক দল পিআর ব্যবস্থাকে প্রমোট করছে এবং এমনকি শর্ত জুড়ে দিচ্ছে—এটা না হলে নির্বাচনে যাবে না। এই ধরণের দৃষ্টিভঙ্গি গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা চাই, অবিলম্বে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে একটি জাতীয় সনদ ঘোষণা করা হোক। যে তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, সে তারিখেই নির্বাচন হতে হবে। মানুষকে তার ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “বিদেশি ধারণা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। দেশের মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত, যে পদ্ধতিতে তারা ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটিই বাস্তবায়ন করতে হবে।”

স্মরণসভায় বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত শিশু একাডেমির ভবন ভেঙে ফেলার উদ্যোগের প্রতিবাদও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, “এটি শিশুদের জন্য একটি প্রতীকী প্রতিষ্ঠান। এটি সরানো হলে শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়বে। আমি আবারও অনুরোধ জানাই, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।