মোদী সরকারকে এমন শিক্ষা দেওয়া হয়েছে যা তারা কখনো ভুলবে না: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারতের সংঘাতে মোদী সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা ভুলবে না।
বুধবার (১৭ ডিসেম্বর) খাইবার পাখতুনখোয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ স্কিম–২০২৫ উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির সমর্থন ও দোয়ার মাধ্যমে বিজয় অর্জন করেছে। ভারত এই পরাজয় কখনো ভুলবে না।”
শাহবাজ শরিফ দাবি করেছেন, গত মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধ প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী হয় এবং পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান ও বহু ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। ভারত দাবি করেছে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তান জড়িত ছিল, যা পাকিস্তান অস্বীকার করেছে।
তিনি খাইবার পাখতুনখোয়ার জনগণকে সাহসী ও আত্মত্যাগী হিসেবে উল্লেখ করে বলেন, “দীর্ঘদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে তারা দেশের শান্তি ফিরিয়ে এনেছে।”
ল্যাপটপ স্কিম প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, পুরো প্রদেশে এই প্রকল্প সম্প্রসারণ করা হবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থনীতি নিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে পাকিস্তান দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে এবং অর্থনীতি স্থিতিশীলতার পথে রয়েছে।
শাহবাজ শরিফ বলেন, “চারটি প্রদেশ একসঙ্গে উন্নত হলে দেশও উন্নত হবে।”


