ভোটের আগে বিজেপির কৌশল বদল, মুসলিম ভোটারদের নরম রূপে টার্গেট

ভোটের আগে বিজেপির কৌশল বদল, মুসলিম ভোটারদের নরম রূপে টার্গেট
নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি তার রাজনৈতিক কৌশল পরিবর্তন করেছে। আগের কট্টর হিন্দুত্ববাদী অবস্থানের পরিবর্তে এবার সংখ্যালঘু ভোটার, বিশেষ করে মুসলিমদের প্রতি নরম রূপে প্রচার চালাচ্ছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিহার বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট পেয়ে ইতিবাচক ফল পাওয়ার পর পশ্চিমবঙ্গেও একই কৌশল নেওয়া হচ্ছে। রাজ্যের মুসলিম ভোটারের সংখ্যা প্রায় ৩০ শতাংশ, যা বহু আসনে নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজনৈতিক সহিংসতায় নিহতদের অধিকাংশই মুসলিম হওয়ায় এই বিষয় নিয়ে ‘যুক্তিসঙ্গত’ আলোচনা করা জরুরি। দলের অন্য মুখ্য নেতা শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, তারা কোনোভাবেই ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়; তাদের লক্ষ্য শুধুমাত্র ‘অবৈধ অনুপ্রবেশকারী’ এবং রোহিঙ্গাদের বিরোধিতা করা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের নেতারা বিজেপির এই কৌশলকে সমালোচনা করেছেন। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন, “রাষ্ট্রভক্ত কে, তা কে ঠিক করবে?” তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “আগে হিন্দু-মুসলিম ভাগ করেছে, এখন মুসলিমদেরও ভাগ করছে—রাষ্ট্রভক্ত ও অরাষ্ট্রভক্ত।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ বিহারের তুলনায় কম হওয়ায় বিজেপির নতুন কৌশল ফলপ্রসূ হবে কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।