নতুন নোটে ভারতের ৩ অঞ্চলকে নিজেদের দেখালো নেপাল
নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নতুন ১০০ রুপির নোট বাজারে ছাড়া শুরু করেছে। নতুন নোটের কেন্দ্রস্থলে প্রদর্শিত মানচিত্রে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে—যা নেপাল নিজের ভূখণ্ড দাবি করলেও বর্তমানে ভারত নিয়ন্ত্রণ করছে।
জেন জি প্রজন্মের বিক্ষোভে ওলি সরকারের পতনের পর সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই নতুন নোট ইস্যু করা হলো।
নোটটিতে সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে এবং ইস্যুর সাল হিসেবে উল্লেখ করা হয়েছে ২০৮১ নেপালি বর্ষ (২০২৪)।
ওলি সরকারের আমলে ২০২০ সালে প্রকাশিত সংশোধিত রাজনৈতিক মানচিত্রে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়। ওই সিদ্ধান্ত তখনই ভারত কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল—“একতরফা আঞ্চলিক সম্প্রসারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এনআরবি–র এক মুখপাত্র জানান, সংশোধিত মানচিত্রটি আগের ১০০ রুপির নোটেও ছিল, নতুন নোটেও তা বজায় রাখা হয়েছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী।
তিনি আরও জানান, নেপালের বিভিন্ন মূল্যমানের নোটের মধ্যে শুধুমাত্র ১০০ রুপির নোটেই দেশের রাজনৈতিক মানচিত্র রয়েছে।
নতুন নোটের নকশা:
বাম পাশে মাউন্ট এভারেস্ট,ডান পাশে জাতীয় ফুল রডোডেনড্রনের জলছাপ,কেন্দ্রে ফিকে সবুজ মানচিত্র,মানচিত্রের নিচে অশোক স্তম্ভ—লেখা, “লুম্বিনী—ভগবান বুদ্ধের জন্মস্থান”,পেছনে শিংযুক্ত গন্ডারের ছবি,সুরক্ষা থ্রেড ও কালো বিন্দু।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর নতুন নোটে বিতর্কিত অঞ্চল অন্তর্ভুক্তিকে “একতরফা সিদ্ধান্ত” বলে অভিহিত করেন। ভারত বারবার বলছে এসব এলাকা তাদের সার্বভৌম ভূখণ্ড।
নেপাল মোট ১৮৫০ কিলোমিটারেরও বেশি সীমান্ত ভাগ করে পাঁচ ভারতীয় রাজ্যের সঙ্গে—সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে


