আফগানিস্তানের হুমকির পর হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

আফগানিস্তানের হুমকির পর হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের
নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৯ শিশু ও এক নারী রয়েছেন বলে আফগান তালেবান সরকার জানিয়েছে। হামলার পর আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “খোস্ত প্রদেশে বিমান হামলার লক্ষ্য ছিল এক স্থানীয় বেসামরিক নাগরিকের বাড়ি। এই হামলায় শিশু ও নারী নিহত হয়েছেন। ইসলামিক আমিরাত সীমান্ত লঙ্ঘনের ঘটনায় কঠোর নিন্দা জানায় এবং দেশের আকাশসীমা, ভূখণ্ড ও জনগণকে রক্ষা করার জন্য সঠিক সময়ে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।”

ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রতিবেদক জানিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছে ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার এবং মৃতদেহের কবর প্রস্তুত করতে দেখা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আফগানিস্তানের খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুশতাগফির গুরবুজ বলেন, “হামলা বিমান থেকে চালানো হয়েছে, যার মধ্যে ড্রোনও ব্যবহৃত হয়েছে। পাশের কুনার ও পাকতিকা সীমান্ত অঞ্চলেও অন্তত চারজন আহত হয়েছেন।” স্থানীয় বাসিন্দা সাজিদুর রহমান পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, “সাধারণ মানুষ কোনও অপরাধ করেনি, তাদের ওপর বোমা প্রয়োগ করবেন না।”

অন্যদিকে, পাকিস্তানের সামরিক বাহিনী হামলার অভিযোগ অস্বীকার করেছে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “পাকিস্তান আফগানিস্তানে হামলা চালায়নি। আমরা কখনও বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা করি না। আফগান সরকারের অভিযোগ ভিত্তিহীন।”

এ পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় সোমবার পেশোয়ারে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলায় তিন কর্মকর্তা নিহত এবং ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। যদিও উভয় হামলার জন্য আনুষ্ঠানিকভাবে এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল পিটিভি জানিয়েছে, আধাসামরিক বাহিনীর সদর দপ্তরের হামলাকারীরা আফগান নাগরিক।