ঈদুল আজহা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “দ্রব্যমূল্য বৃদ্ধি, সামাজিক অস্থিরতা ও নানামুখী সংকট সত্ত্বেও দেশের মুসলিম জনগণ ঈদের আনন্দে উদ্দীপ্ত। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসানে এবার কিছুটা স্বস্তির পরিবেশে ঈদ উদযাপন সম্ভব হচ্ছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেন, “ফ্যাসিবাদী শাসনের অবৈধ ক্ষমতার লোভে রাষ্ট্র ও সমাজে নীতি-নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ঈদুল আজহা ত্যাগের উৎসব। পশু কুরবানির মাধ্যমে চিত্তশুদ্ধি ও পবিত্রতার শিক্ষা দেয়া হয়। এই ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে।”
তারেক রহমান বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, “মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পানি, গ্যাস ও বিদ্যুতের সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় পতিত। স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”
তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের আনন্দ সবাইকে নিয়ে ভাগ করে নিতে হবে। এক কাতারে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।”


