রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া বাজেট ঘোষণা করেছে সরকার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনগণের মতামত ও রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া ঘোষিত বলে অভিযোগ করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার (৪ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, “বর্তমানে দেশে সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং সাধারণ মানুষের মতামত নিয়ে বাজেট ঘোষণা করবে। কিন্তু সরকার তা করেনি। বাজেট ঘোষণাটা পুরোপুরি গতানুগতিক।”
আমীর খসরু চৌধুরী শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই উল্লেখ করে বলেন, “আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার কর মওকুফ করা হবে।” তিনি আরও বলেন, “বাজেটে আমাদের আউট অফ বক্স চিন্তা করতে হবে। গতানুগতিক বাজেট থেকে বের হওয়ার সুযোগ ছিল।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, অর্থবিষয়ক সম্পাদক মাহবুব হোসেন শ্যামল, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।


