মাইলস্টোন ট্র্যাজেডি

বিএনপির সব কর্মসূচি স্থগিত, নিহতদের স্মরণে তারেক রহমানের নির্দেশনা

রাজনীতি
বিএনপির সব কর্মসূচি স্থগিত, নিহতদের স্মরণে তারেক রহমানের নির্দেশনা
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় বিএনপি দলের সব পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি মানবিক ও সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে মঙ্গলবার (২২ জুলাই) একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতেই তারেক রহমান জাতীয়তাবাদী কৃষক দলের র‍্যালি, মহিলা দলের আলোচনা সভা এবং অন্যান্য সাংগঠনিক কর্মসূচি স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে চলমান রাজনৈতিক কর্মসূচিগুলোতে ‘শোকাবহ পরিবেশ’ বজায় রাখার আহ্বান জানানো হয়।

দুর্ঘটনার পরপরই বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে একটি উদ্ধারকারী দলসহ অ্যাম্বুলেন্স নিয়ে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। দলটির পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের জন্য রক্তদানের আহ্বান জানানো হয়েছে এবং চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে বলেও জানানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। পাইলট, শিক্ষক এবং শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

ঘটনার পরবর্তী চিকিৎসা, সমন্বয় ও সহায়তার বিষয়গুলো দেখভালের জন্য বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল)-কে কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন তারেক রহমান।