হাসিনার বিচার চাই, শহীদ পরিবার পুনর্বাসনের ঘোষণা বিএনপির
২০২৪ সালের ‘জুলাই গণঅভ্যুত্থানে’ নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এ আন্দোলনের শহীদদের প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়নি। এই ঘটনার বিচার হবেই।”
শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। “গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা— সবুজ পল্লবে স্মৃতি অম্লান” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার।
অনুষ্ঠানে প্রত্যেক শহীদের স্মরণে মাজার প্রাঙ্গণে একটি করে নিমগাছ রোপণ করা হয়। মির্জা ফখরুল বলেন, “আমাদের সন্তানদের যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচার করতেই হবে। এটি শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, মানবিক দায়িত্বও।”
তিনি এক শহীদ মায়ের আহাজারি তুলে ধরে বলেন, “তার সন্তানকে গুলি করে হত্যা করা হয়, পরে লাশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়— এটা শুধু অমানবিকই নয়, এটি সভ্যতার মুখে চপেটাঘাত।”
মির্জা ফখরুল জানান, আন্দোলনে নিহত ও আহত পরিবারদের জন্য একটি তহবিল গঠন করা হবে। “নির্বাচনে আমরা জয়ী হই বা না হই, শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি বলেন, “এই তহবিল গঠনের উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’ ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছে।”
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


