“জুলাই সনদ থেমে থাকবে না, সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে”—জামায়াত নেতা বুলবুল

রাজনীতি
“জুলাই সনদ থেমে থাকবে না, সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে”—জামায়াত নেতা বুলবুল
নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৫

রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছে। সেই আকাঙ্ক্ষা পূরণে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ছাড়া অন্য কোনো পথ নেই।” তিনি আরও দাবি করেন, এটি কোনো একক দলের দাবি নয়— এটি জনগণের দাবি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জামায়াত নেতা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সনদের ব্যাপারে বিরূপ মনোভাব প্রকাশ করলেও জনগণের ইচ্ছায় এ সনদ বাস্তবায়িত হবে। “এক-দুটি দলের আপত্তি বড় বাধা হতে পারে না,”— বলেন বুলবুল।

তিনি আরও বলেন, “এই সনদের মাধ্যমে রচিত হবে একটি মানবিক, সমৃদ্ধ ও সুবিচারভিত্তিক বাংলাদেশ। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া আন্দোলনের চেতনা সংরক্ষণ করতেই এটি প্রয়োজন।”

এ সময় তিনি ছাত্র, শিক্ষক, পেশাজীবী, প্রবাসীসহ দেশের প্রতিটি স্তরের মানুষকে এই প্রচেষ্টায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরাও।