‘বিএনপিকে সংস্কারবিরোধী দেখাতে পরিকল্পিত অপপ্রচার চলছে’ — ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করতে চাইছে। রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
“ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর আবার নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত,” — বলেন ফখরুল।
তিনি দাবি করেন, শহরকেন্দ্রিক কিছু গোষ্ঠী ও ব্যক্তির মাধ্যমে বিএনপির বিরুদ্ধে জনমতকে বিভ্রান্ত করা হচ্ছে। “কয়েকজন ব্যক্তি অপপ্রচার চালালেই জনগণ বিভ্রান্ত হবে না। শহরের কিছু মানুষই গোটা দেশ নয়,”— বলেন তিনি।
বিএনপি মহাসচিব স্পষ্ট করেন, দলটি রাষ্ট্রীয় সংস্কারে আন্তরিক, তবে কোনো সংস্কার যদি সংসদ, সরকার ও সংবিধানের কার্যকারিতা দুর্বল করে— তাহলে বিএনপি তাতে সায় দিতে পারে না।
“নির্বাচিত সরকারই গণতন্ত্রের ভিত্তি। সেই ভিত্তিকে দুর্বল করে কোনো পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রস্তাব প্রকৃত সংস্কার নয়, বরং গণতন্ত্রহীনতা প্রতিষ্ঠার কৌশল,” — বলেন তিনি।
ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, একের পর এক নতুন প্রস্তাব এনে গণতন্ত্র ও নির্বাচনের পথ প্রতিহত করার ষড়যন্ত্র চলছে। “যারা এসব প্রস্তাব দিচ্ছে, তারা প্রকৃতপক্ষে ‘গণতন্ত্রবিরোধী শক্তি’। জুলাই-আগস্টে যাদের অভ্যুত্থানের পরিকল্পনা ছিল, তারাই এখন সংস্কারের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
তিনি বলেন, “গণতান্ত্রিক সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। জনগণকে পাশে না রেখে বড় পরিবর্তন চাপিয়ে দেওয়া মানেই আরেকটি ষড়যন্ত্র।”


