জাতীয় ঐকমত্যে অগ্রগতির আশায় ৮ম দিনের বৈঠকে রাজনৈতিক নেতারা

রাজনীতি
জাতীয় ঐকমত্যে অগ্রগতির আশায় ৮ম দিনের বৈঠকে রাজনৈতিক নেতারা
নিউজ ডেস্ক
৩ জুলাই ২০২৫

রাজনৈতিক সমঝোতা ও সংস্কারের রূপরেখা তৈরির উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশনের অষ্টম দিনের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিয়েছেন দেশের উল্লেখযোগ্য কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহ।

বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজকের আলোচনায় প্রাধান্য পাচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু: রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের সীমা ও প্রক্রিয়া, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণার আইনগত কাঠামো।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন,

“অনেক প্রাণের বিনিময়ে আমরা আজ এখানে বসতে পেরেছি। এই মুহূর্তে আমাদের সামনে একটি বাস্তব সম্ভাবনা আছে — একটি সমঝোতার। সেটিকে হেলায় হারানো যাবে না।”

তিনি আরও বলেন,

“প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয় অমীমাংসিত ছিল, সেগুলোর সমাধানের লক্ষ্যেই আজকের বৈঠক। যদি আমরা সবাই মিলে একমত হতে পারি, তাহলে সেটিই হবে জাতীয় ঐকমত্যের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের আলোচনার ফলাফলের ভিত্তিতে পরবর্তী বৈঠকের কাঠামো নির্ধারিত হবে।

কমিশনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে কমিশনের এই বৈঠকগুলোকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের পক্ষ থেকেও। যদিও এখনো অনেক ইস্যুতে মতানৈক্য রয়ে গেছে, তবে আলোচনার টেবিলই সে মতপার্থক্য দূর করার একমাত্র মাধ্যম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।