‘৩০০ আসনে জয়ের স্বপ্ন’ দেখছে এনসিপি

রাজনীতি
‘৩০০ আসনে জয়ের স্বপ্ন’ দেখছে এনসিপি
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শেষ দিনেই নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২২ জুন) দুপুরে ইসিতে আবেদন জমা দেয় দলটি।

আবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সংস্কার কমিশন যে ৪০০ আসনের প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসনে আমরা জয়ী হবো—এটাই আমাদের লক্ষ্য।”

তিনি দাবি করেন, “দলটি সব প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। এবার ‘শাপলা’ প্রতীক নিয়ে জনগণের ভোটে সরকার গঠন করবে এনসিপি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনটি প্রতীক চেয়ে আবেদন করলেও দলের প্রাথমিক ও প্রধান পছন্দ ‘শাপলা’। এ বিষয়ে পাটওয়ারী বলেন, “বিভিন্ন জায়গা থেকে মতামত নিয়ে আমরা শাপলাকে এগিয়ে রেখেছি। মানুষ এই প্রতীকে চায়, আমরাও সেটাই চাই।”

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, “নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম ও নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা, খুব শিগগিরই কমিশন আমাদের দলকে নিবন্ধন দেবে।”

জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “বিভিন্ন এলাকায় আমাদের অফিস নিতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে। কেউ কেউ কৌশলে আমাদের দলে লোক ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে, যাতে আমরা নিবন্ধনের শর্ত পূরণ না করতে পারি।”

তিনি আরও বলেন, “যারা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে, তারা শেষ পর্যন্ত হার মানবে। এনসিপি জনগণের শক্তিতে এগিয়ে যাবে।”

প্রসঙ্গত: নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে নিবন্ধনের জন্য নতুন রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন জমা দিতে বলা হয়। এই শর্ত অনুযায়ী দেশের অন্তত ১০০টি উপজেলায় দলীয় কার্যক্রম, সদস্য সংখ্যা, কার্যালয় এবং সংগঠনের কার্যক্রম থাকতে হয়।