নারী কর্মীদের সম্মানহানি: মিথ্যাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এনসিপির
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নারী কর্মীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘ভুয়া ফটোকার্ড’ ও ‘মিথ্যাচারমূলক’ তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। শুক্রবার (২০ জুন) রাজধানীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় এনসিপির নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আমাদের নারী কর্মীদের সম্মানহানি করার ঘৃণ্য চেষ্টার বিরুদ্ধে আমরা চুপ করে থাকব না। দলীয়ভাবে এসব মিথ্যাচারের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এ সময় তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যমও রাজনৈতিক দলের নারী নেত্রীদের নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। তিনি বলেন, “এই ধরনের সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। আমরা প্রমাণসহ প্রেস কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করব।”
আখতার হোসেন আরও জানান, এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর থেকে বিভিন্ন মহল পরিকল্পিতভাবে দলটিকে বিতর্কিত করতে তৎপর হয়েছে। তবে দলের নেতাকর্মীরা সংহতভাবে এসব অপপ্রচারের জবাব দেবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এনসিপির নাম ব্যবহার করে কিছু ভুয়া ফটোকার্ড ও মিথ্যা তথ্য ছড়ানো হয়, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এনসিপি দাবি করেছে, এসব প্রচারণার সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এগুলো উদ্দেশ্যপ্রণোদিত।


