হাতে হাত রেখে ঐক্যের বার্তা, আলোচনার ফাঁকে ঘনিষ্ঠতা বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের

রাজনীতি
হাতে হাত রেখে ঐক্যের বার্তা, আলোচনার ফাঁকে ঘনিষ্ঠতা বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের
নিউজ ডেস্ক
১৮ জুন ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ফাঁকে বিরল এক দৃশ্যের জন্ম দিলেন রাজনৈতিক অঙ্গনের তিন পরিচিত মুখ। বিরতির সময় হাতে হাত রেখে সৌহার্দ্যপূর্ণ ভঙ্গিতে দাঁড়াতে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে।

বুধবার (১৮ জুন) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার সংস্কার নিয়ে আলোচনা চলাকালে বিরতির মুহূর্তে এই দৃশ্য ধরা পড়ে সংবাদকর্মীদের ক্যামেরায়।

বিরতির সময় সালাহউদ্দিন আহমদ ঘনিষ্ঠ ভঙ্গিতে নাহিদ ইসলামকে বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করেন, “কেমন আছো নাহিদ?” সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা জামায়াত নেতা তাহের তাদের হাতে হাত রাখেন—একপ্রকার প্রতীকী ঐক্য দেখিয়ে দেন তিনটি দলের মধ্যে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে দীর্ঘদিন পর রাজনৈতিক ঐক্য চেষ্টার একটি ‘ভিজিবল সিগন্যাল’ বলেও অভিহিত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দৃশ্য সাধারণ কোনো কাকতালীয় মুহূর্ত নয়। বরং বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সম্ভাব্য রূপরেখারই একটি ‘সফট প্রকাশ’। ঐকমত্য কমিশনের আলোচনায় অনেক বিষয়েই মতানৈক্য থাকলেও এই আন্তঃদলীয় সৌহার্দ্য ভবিষ্যতের জোট রাজনীতির ইঙ্গিত হতে পারে বলেও মত দিয়েছেন কেউ কেউ।

এদিকে জামায়াতের এই অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক ও নাগরিক সমাজের কেউ কেউ। সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বরা বিষয়টিকে ‘কৌশলী এক নাটক’ বলেও মন্তব্য করেছেন।