কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার: এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিগত সরকারের সময়ে উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। তিনি বলেন, “তারা যত কাজ করেছে, তার অর্ধেকই খেয়ে ফেলেছে। গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে।” এসব পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১ লাখ ৮১ হাজার সমবায় সংগঠনের সদস্যরা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করছেন। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসব পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিমিয়ে পড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) আরও কার্যকর ও গতিশীল করে তোলা হবে। একই সঙ্গে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে, একই দিন সিরডাপ মিলনায়তনে আয়োজিত আরেক আলোচনা সভায় মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ উন্নয়নকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।


