পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন, জারি হলো প্রজ্ঞাপন

জাতীয়
পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন, জারি হলো প্রজ্ঞাপন
নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৬

পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ২১ জন কর্মকর্তাকে। এ পরিবর্তনের অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পদোন্নতি পাওয়া ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে অতিরিক্ত আইজিপি এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রদবদলের তালিকায় আরও রয়েছেন প্রলয় চিসিম, যিনি নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিটিসির ডিআইজি এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, পুলিশ বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে এই প্রশাসনিক পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।