হঠাৎ ‘চিকেন নেক’ করিডোরে সর্বোচ্চ সতর্কতা, শিলিগুড়িতে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক

হঠাৎ ‘চিকেন নেক’ করিডোরে সর্বোচ্চ সতর্কতা, শিলিগুড়িতে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫

ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার নতুন উদ্যোগ নিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সীমান্তবর্তী এলাকায় চীনের সম্ভাব্য সক্রিয়তা এবং সম্প্রতি দিল্লির লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণের পর করিডোরটির নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে ওঠে।

এই পরিস্থিতিতে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির কেন্দ্রীয় আইবি কার্যালয়ে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। করিডোরটির বর্তমান নিরাপত্তা কাঠামো পুনর্মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠকে চারটি সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ, এসএসবি, আইটিবিপি এবং আসাম রাইফেলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী এবং কেন্দ্রীয় ও রাজ্যের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া আর্মি ইন্টেলিজেন্স, রেলওয়ে পুলিশ (আরপিএফ ও জিআরপি), সিআইএসএফ, বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও), কেন্দ্রীয় সড়ক বিভাগ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ ও রাজ্য পুলিশের কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

অত্যন্ত সংবেদনশীল এই বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করিডোরজুড়ে নজরদারি বৃদ্ধি, সীমান্ত এলাকায় তৎপরতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ যোগাযোগপথে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।