নেপালে আবারও জেন জি বিক্ষোভ, গণজমায়েত নিষিদ্ধ
সেপ্টেম্বরে প্রাণঘাতী ‘জেন জি ’ গণ-অভ্যুত্থানের পর নেপালে আবারও উত্তেজনা ছড়িয়েছে। তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন–ইউএমএল সমর্থকদের সংঘর্ষের জেরে বারা জেলার বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, সকাল থেকেই গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
বুধবার বারা জেলার সিমারা এলাকায় ‘জেন জেড’ আন্দোলনকারীরা আলাদা মিছিল বের করলে একই সময়ে সিপিএন–ইউএমএল সমর্থকরাও পাল্টা মিছিল শুরু করে। দুই পক্ষের মুখোমুখি অবস্থান দ্রুতই হাতাহাতি ও ধাওয়া–পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষ বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও ছড়িয়ে পড়ায় প্রশাসন জরুরি পদক্ষেপ নেয়।
পুলিশ মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কেউ গুরুতর আহত হয়নি।”
অন্যদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি এক বিবৃতিতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। তিনি বলেন, “আগামী ৫ মার্চ ২০২৬-এর নির্বাচনের আগে অপ্রয়োজনীয় রাজনৈতিক সংঘাত থেকে দূরে থাকতে হবে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”
বুধবার তিনি ১১০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো—এই দেশকে তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া এবং আগামী নির্বাচনকে নিরাপদ, ন্যায়সঙ্গত ও ভীতিমুক্ত রাখা।”
বিশ্লেষকদের মতে, জেন জেড তরুণদের নেতৃত্বাধীন এই নতুন গণ–আন্দোলন নেপালের রাজনীতিতে বড় পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে। আর ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের পাল্টা অবস্থান দেশটিতে নতুন করে অস্থিরতার জন্ম দিচ্ছে।


