একাধিক ছেলের সঙ্গে কথা বলায় মেয়েকে হত্যা করলেন মা-বাবা

একাধিক ছেলের সঙ্গে কথা বলায় মেয়েকে হত্যা করলেন মা-বাবা
নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের (এলাহাবাদ) কানতি গ্রামে এক নৃশংস ‘অনার কিলিং’-এর ঘটনা প্রকাশ পেয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক ও কথা বলার বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে এক কিশোরীকে হত্যা করেছেন তারই মা-বাবা।

পুলিশ জানিয়েছে, মা মেয়েকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে, এরপর বাবা মেয়েকে কোলে তুলে ২০০ মিটার দূরের একটি ক্ষেতে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেন। মা এই ঘটনার সাক্ষী থাকলেও কোনো প্রতিবাদ করেননি। পরবর্তীতে তারা বাড়িতে গিয়ে প্রতিবেশীদের জানিয়েছিলেন, মেয়ে ভোরে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসে নি।

ময়নাতদন্তে দেখা যায়, মেয়ের মৃত্যু ঘটেছে ঘটনার আগের রাতেই, এবং তার পাকস্থলীতে হজম হয়নি এমন খাবার পাওয়া যায়। ঘটনার সত্য উদঘাটন করতে ফরেনসিক ও কুকুর বাহিনী তদন্ত চালায়। কুকুরটি সরাসরি মেয়ের বাড়ির দিকে গিয়ে থেমে গেলে পুলিশ সন্দেহ করতে শুরু করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরে বাবা রমেশকে জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেন। তিনি জানান, দুই বছর আগে তার মেয়ে গর্ভবতী হয়েছিল, পরে গর্ভপাত করাতে হয়েছিল। মেয়ের সঙ্গে এই ঘটনার আগ পর্যন্ত বোঝাপড়ার চেষ্টা করা হলেও সে শোনেনি। পরিকল্পনা অনুযায়ী, স্ত্রী ও সন্তানকে আগে জানিয়ে হত্যার সিদ্ধান্ত নেন।

স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার বিবেকচন্দ্র যাদব বলেন, “এ ঘটনা সম্পূর্ণ ‘অনার কিলিং’। বাবা অপরাধ স্বীকার করেছেন, মায়ের সংশ্লিষ্টতাও স্পষ্ট। দুজনকেই গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”