ভারতের ভোটার তালিকায় ‘ব্রাজিলিয়ান মডেল’, রাহুল গান্ধী ২২ বার ভোট চুরির অভিযোগ

ভারতের ভোটার তালিকায় ‘ব্রাজিলিয়ান মডেল’, রাহুল গান্ধী ২২ বার ভোট চুরির অভিযোগ
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫

ভারতের হরিয়ানার ভোটার তালিকায় একটি নারীর ছবি দেখা গেছে, যিনি প্রকৃতপক্ষে একজন ব্রাজিলিয়ান মডেল। এই ছবির ব্যবহার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২২টি ভোটে অনিয়মের অভিযোগ তোলেন। বিষয়টি দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের ঝড় তুলেছে।

রাহুল গান্ধীর দাবি, হরিয়ানার কিছু ভোটার কার্ডে ২২ জনের নামের সঙ্গে একই নারীর ছবি ব্যবহার করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং “সংগঠিত ভোট চুরি”। তার মতে, হরিয়ানার ২০২৪ সালের নির্বাচনে প্রায় ২৫ লাখ জাল ভোট পড়েছে, যা কয়েকটি আসনের ফলাফল পরিবর্তন করতে সক্ষম।

রাই আসনের ভোটার মুনেশ জানিয়েছেন, “আমার কাছে যে ভোটার কার্ড আছে, তাতে আমার নিজের ছবি রয়েছে। কিন্তু রাহুল গান্ধীর দেখানো নারীকে আমি চিনি না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ছবির আসল মালিক লারিসা নেরি। তিনি ব্রাজিলের সাও পাওলোর একজন হেয়ারড্রেসার। তার আট বছর আগে তোলা ছবি ব্যবহৃত হয়েছে মুনেশের ভোটার কার্ডে। লারিসা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমাকে ভারতীয় দেখিয়ে মানুষকে ঠকানো হচ্ছে! এ কী পাগলামি।”

বিজেপি অভিযোগগুলিকে উড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “বিহারের পর রাহুল এখন হরিয়ানায় নাটক শুরু করেছেন।”
নির্বাচন কমিশনও অভিযোগ অস্বীকার করেছে। কমিশন জানিয়েছে, ভোট অডিট চলাকালীন কংগ্রেস কোনো অনিয়মের বিষয় উল্লেখ করেনি এবং রাহুলের প্রমাণ “অযাচিত ও বিভ্রান্তিকর”।

তবে এনডিটিভির অনুসন্ধানে দেখা গেছে, সোনিপতের বিভিন্ন গ্রামে ভোটার তালিকায় নাম উধাও, একাধিক নামের পুনরাবৃত্তি এবং পুরো পরিবারকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। মালিকপুর গ্রামের এক পরিবারের চার সদস্যের নাম রহস্যজনকভাবে মুছে গেছে।

উল্লেখ্য, এর আগে উত্তর প্রদেশের বারাণসীতে ভোটার তালিকায় ৪৮ জন ছেলের বাবা হিসেবে এক ব্যক্তির নাম দেখানো হয়েছিল, যার মধ্যে ১৩ জন একই বছরে জন্মগ্রহণ করেছে। সেই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল।