জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়ার আশা মোদী সরকারের

জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়ার আশা মোদী সরকারের
নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫

বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ও পিস টিভির প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে বলে আশা প্রকাশ করেছে নরেন্দ্র মোদি সরকার। তার সম্ভাব্য বাংলাদেশ সফরের আগে এমন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নয়াদিল্লিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেই দেশে যান না কেন, সেই দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেবে।”

সূত্র জানায়, জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন। তিনি ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ জানিয়েছেন, “প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ বা ২৯ নভেম্বর ঢাকায় প্রথম অনুষ্ঠানটি হবে। তবে রাজধানীর বাইরে আরও কিছু স্থানে প্রোগ্রামের পরিকল্পনাও রয়েছে।”

২০১৬ সালে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সমালোচনার মুখে দেশ ছাড়েন জাকির নায়েক। সে সময় তার প্রতিষ্ঠিত ‘পিস টিভি’ চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন।

ভারত সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও অর্থপাচারের অভিযোগ এনেছে। ২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকার তার প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

তবে হাসিনা সরকারের পতনের পর গত বছর জাকির নায়েকের ওপর সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়, যার পরিপ্রেক্ষিতেই এবার তার বাংলাদেশ সফরের প্রস্তুতি চলছে।