আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না নরেন্দ্র মোদি, যাবেন না মালয়েশিয়া
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের (ASEAN) আসন্ন সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সময়সূচির ব্যস্ততার কারণে মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে তিন দিনের এই আসিয়ান সম্মেলন।
সূত্র জানিয়েছে, ভারত ইতোমধ্যেই মালয়েশিয়া সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, আসিয়ান সম্মেলনে জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি, মোদি ভার্চুয়ালি আসিয়ান-ভারত সম্মেলনে যুক্ত হতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
গত কয়েক বছর ধরে আসিয়ান-ভারত সম্মেলন ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, চীনসহ অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৬ অক্টোবর কুয়ালালামপুরে পৌঁছাবেন বলে জানা গেছে।
এদিকে, মোদির মালয়েশিয়া সফরের সঙ্গে নির্ধারিত কম্বোডিয়া সফরও আপাতত স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, ভারত-আসিয়ান সংলাপ সম্পর্কের সূচনা হয় ১৯৯২ সালে। পরে তা ধাপে ধাপে পূর্ণ সংলাপ ও কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়। বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা ভারতের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর সম্পর্ককে আরও গভীর করেছে।


