যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা
গাজা উপত্যকায় ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর হামলায় একটি ফিলিস্তিনি পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ শিশু ও ৩ নারী রয়েছেন। এ ঘটনায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে।
গাজার জেইতুন এলাকায় আবু শাবান পরিবারের সদস্যরা বেসামরিক একটি গাড়িতে করে নিজেদের বাড়ি পরিদর্শনে যাচ্ছিলেন। সেই সময় ট্যাংক থেকে ছোড়া শেলে তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নাগরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “পরিবারটি যদি সতর্ক করে দেওয়া হতো, এই প্রাণহানি এড়ানো সম্ভব ছিল। কিন্তু যা হয়েছে, তা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের নিশানা করার একটি উদাহরণ।”
হামাস এই হামলাকে “গণহত্যা” বলে আখ্যা দিয়ে বলেছে, এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সামিল। গোষ্ঠীটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে, গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলান রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। হামাসকে তিনি “নিপীড়ক গোষ্ঠী” বলে অভিহিত করেন এবং ইরানের ভূমিকাও কড়া ভাষায় সমালোচনা করেন।
ইসরায়েলি বাহিনী এই হামলার দায় স্বীকার না করলেও, গাজায় চলমান পরিস্থিতিতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ছে। যুদ্ধবিরতি চুক্তি বজায় থাকবে কিনা, তা নিয়েও বাড়ছে উদ্বেগ।


