যুদ্ধবিরতির পর গাজায় সংঘর্ষে সাংবাদিক নিহত

যুদ্ধবিরতির পর গাজায় সংঘর্ষে সাংবাদিক নিহত
নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫

গাজার সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আবারও প্রাণ গেল এক সাংবাদিকের। ২৮ বছর বয়সী সালেহ আলজাফারাওয়ি, যিনি হামাস-ইসরায়েল যুদ্ধের বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পরিচিত হয়ে উঠেছিলেন, গাজা সিটিতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার সাবরা এলাকায় রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন সালেহ। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে একাধিক ফিলিস্তিনি সূত্র।

আল জাজিরার সহযোগী সানাদ সংস্থা নিহত সাংবাদিকের ভিডিও ফুটেজ যাচাই করে জানিয়েছে, ঘটনাস্থলে তার গায়ে স্পষ্টভাবে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। সংঘর্ষের সময় তিনি সংবাদ সংগ্রহ করছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফিলিস্তিনি একাধিক সূত্র জানিয়েছে, ওই এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী এবং দোগমুশ গোত্রভুক্ত একটি সশস্ত্র মিলিশিয়ার মধ্যে সংঘর্ষ হচ্ছিল। তবে স্থানীয় প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তব্য দেয়নি।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানান, সংঘর্ষে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি সশস্ত্র গ্রুপ জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ সময় কিছু মিলিশিয়া বাস্তুচ্যুত সাধারণ মানুষদের ওপর হামলা চালায় বলেও জানান তিনি।

গত জানুয়ারিতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সালেহ বলেছিলেন, “আমি প্রতি সেকেন্ড আতঙ্ক নিয়ে বেঁচে আছি।” তিনি জানান, বারবার স্থানচ্যুত হতে হয়েছে, তবু থেমে যাননি। যুদ্ধের ভয়াবহতা তুলে ধরাই ছিল তার লক্ষ্য।

তার ভাষায়, “এই ৪৬৭ দিনে আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, তা কোনো দিন ভুলতে পারব না। আমার কাজের জন্য আমি ইসরায়েলি বাহিনীর কাছ থেকে হুমকি পেয়েছি বারবার।”

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন — যা সাংবাদিকদের জন্য গাজাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত করেছে।