যুক্তরাষ্ট্রের টেনেসিতে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৯

যুক্তরাষ্ট্রের টেনেসিতে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৯
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে হিকম্যান ও হামফ্রিস কাউন্টির সীমানায় অবস্থিত অ্যাকুরেট এনার্জি সিস্টেম, এলএলসি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবন কেঁপে ওঠে এবং পরপর আরও কয়েকটি ছোট বিস্ফোরণও ঘটে।

হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“এটি ছিল এক বিধ্বংসী বিস্ফোরণ। উদ্ধারকর্মীরা সকাল নাগাদ এলাকাটি কিছুটা নিরাপদ করতে সক্ষম হন। তবে এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চলছে।”

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটি মূলত মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য উচ্চমাত্রার বিস্ফোরক এবং বিশেষায়িত সামরিক পণ্য তৈরি করে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও এমন তথ্য পাওয়া গেছে।

বিস্ফোরণের আশঙ্কায় আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে হিকম্যান কাউন্টি শেরিফের দফতর।

স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার অ্যাসোসিয়েটেড প্রেস-কে জানান,

“আমি ভেবেছিলাম ঘরটা আমার ওপর ভেঙে পড়েছে। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।”

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি সংস্থা কাজ করছে। তবে দ্বিতীয় ধাপের বিস্ফোরণের আশঙ্কায় তারা এখনো মূল বিস্ফোরণস্থলে সরাসরি প্রবেশ করেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও বিস্ফোরণের সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।