ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ করল স্পেন
ইসরায়েলের ওপর চাপ সৃষ্টিতে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কঠোর অবস্থান নিল স্পেন। গাজায় চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনার ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর) দেশটির পার্লামেন্টে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ হয়েছে। স্প্যানিশ আইনপ্রণেতারা এই ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হন; নিষেধাজ্ঞার পক্ষে ১৭৮টি ভোট পড়লেও বিপক্ষে পড়ে ১৬৯টি। এর ফলে, ২০২৩ সাল থেকে চলে আসা কার্যত নিষেধাজ্ঞাটি আইনি বৈধতা পেল। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের চাপেই এই আইনি নিষেধাজ্ঞা শুধু সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি রপ্তানিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং ইসরায়েলি সামরিক সরঞ্জামবাহী বিমান ও জাহাজ স্পেনের আকাশসীমা এবং বন্দরে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপ ইউরোপীয় নীতিতে একটি নজিরবিহীন কঠোরতা যোগ করল।
স্পেন সরকারের জারি করা এই নিষেধাজ্ঞা ইসরায়েলের ওপর বহুমাত্রিক চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা মূল পণ্য এবং পরিষেবাগুলো হলো:
- সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি: স্পেন ইসরায়েলে কোনো ধরনের সামরিক সরঞ্জাম, দ্বৈত-ব্যবহারের সামরিক পণ্য ও প্রযুক্তি পাঠাবে না বা আমদানি করবে না।
- বিমান চলাচল নিয়ন্ত্রণ: সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন বিমানের জ্বালানির অনুরোধ আটকে দেওয়া হবে।
- পশ্চিম তীরের অবৈধ পণ্যে নিষেধাজ্ঞা: অধিকৃত পশ্চিমতীরে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে আসা পণ্য আমদানি ও সেগুলোর বিজ্ঞাপন প্রচারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


