কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনপন্থি বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের সেনাদের নির্দেশ অমান্যের আহ্বান জানানোয় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আয়োজিত এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সিএনএন জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গিয়ে ফিলিস্তিনপন্থী একটি সমাবেশে প্রেসিডেন্ট পেত্রো বলেন,

“আমি যুক্তরাষ্ট্রের সেনাদের বলছি, মানবতার স্বার্থে ট্রাম্পের নির্দেশ অমান্য করুন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় তিনি অভিযোগ করেন, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশ রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে,

“নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এ ধরনের বেপরোয়া ও উসকানিমূলক বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির চরম লঙ্ঘন। তাই তার ভিসা বাতিল করা হয়েছে।”

ঘটনার আগেই প্রেসিডেন্ট পেত্রো নিউইয়র্ক ত্যাগ করে কলম্বিয়ার উদ্দেশে রওনা দেন। তবে তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওটি ঘিরে শুরু হয় কূটনৈতিক বিতর্ক।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে পেত্রো বলেন,

“এই সিদ্ধান্ত প্রমাণ করে, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিয়ম ও আন্তর্জাতিক আইন মানছে না। ফিলিস্তিনের প্রতিনিধিদের প্রবেশ নিষেধাজ্ঞা এবং আমার ভিসা বাতিল—দুই ঘটনাই দেখিয়ে দেয়, তারা একতরফাভাবে রাজনৈতিক অবস্থান নিচ্ছে।”

গাজা ইস্যুতে এমন স্পষ্ট অবস্থান নেওয়া ও যুক্তরাষ্ট্রের সেনাদের প্রতি আহ্বান জানানোয় আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে মানবিক বিবেকের ডাক বললেও, কেউ এটিকে কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন হিসেবে দেখছে।