‘সেফ এক্সিট’ চেয়েছেন নেপালের প্রধানমন্ত্রী, দায়িত্বে আসছে সেনাবাহিনী?

‘সেফ এক্সিট’ চেয়েছেন নেপালের প্রধানমন্ত্রী, দায়িত্বে আসছে সেনাবাহিনী?
নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫

টানা আন্দোলন ও বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেও দেশটির পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে দাবি করেছে, পদত্যাগের আগেই নেপালি সেনাবাহিনী প্রধান জেনারেল সিগডেলের সঙ্গে গোপন বৈঠক বা যোগাযোগ করেছিলেন ওলি।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ওলি দেশজুড়ে বিক্ষোভের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেনাবাহিনীর কাছে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার অনুরোধ জানান। জবাবে সেনাপ্রধান সিগডেল সাফ জানিয়ে দেন—প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়, ওলির পদত্যাগের পর সেনাবাহিনী “স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রস্তুত” বলে জানায় সামরিক সূত্র। সূত্রটি আরও দাবি করে, রাজধানী ও আশপাশের অঞ্চলজুড়ে কারফিউ জারি থাকা অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারে মন্ত্রীদের বাসভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কাঠমান্ডুর দক্ষিণে ভাইসেপতি মন্ত্রী কমপ্লেক্স থেকে সরাসরি সেনা হেলিপ্যাডের মাধ্যমে বিমানবন্দরে নেওয়া হচ্ছে মন্ত্রীদের। একাধিক হেলিকপ্টার এ কাজে ব্যবহৃত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, কেপি শর্মা ওলি ইতিমধ্যে সেনাবাহিনীর সহায়তায় নিজের সরকারি বাসভবন বালুওয়াতার থেকে নিরাপদে বেরিয়ে এসেছেন এবং চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন। তার ভ্রমণের জন্য বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত রাখা হয়েছে।

এই বিষয়ে নেপালের সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাপ্রবাহ থেকে স্পষ্ট যে, দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংকট আরও ঘনীভূত হতে পারে।