ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য: রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ প্রস্তুত রোগীদের জন্য
ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্যের দাবি করেছে রাশিয়ার বিজ্ঞানীরা। দীর্ঘ তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষার পর ‘এন্টারোমিক্স’ নামে একটি নতুন ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (FMBA)। এ ঘোষণা দিয়েছেন সংস্থার প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা, পূর্ব অর্থনৈতিক ফোরামে এক বিবৃতিতে।
বিশ্বব্যাপী পরিচিত mRNA প্রযুক্তির মাধ্যমে তৈরি এই ভ্যাকসিন মানবদেহের কোষগুলোকে বিশেষ ধরনের প্রোটিন উৎপাদনের নির্দেশ দেয়, যা ক্যানসার কোষের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করে। কোভিড-১৯ ভ্যাকসিনের সফলতার পর এবার ক্যানসার চিকিৎসায়ও mRNA প্রযুক্তির ব্যবহার নতুন দিগন্তের সূচনা করল।
FMBA জানিয়েছে, এন্টারোমিক্সের প্রাক-ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, এটি সম্পূর্ণ নিরাপদ এবং বারবার ডোজ গ্রহণেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সবচেয়ে বড় সাফল্য হলো— কিছু ক্ষেত্রে টিউমারের আকার ৬০-৮০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে, আবার অনেক ক্ষেত্রেই টিউমারের বৃদ্ধি কার্যত বন্ধ হয়ে গেছে।
এছাড়া, গবেষণায় অংশগ্রহণকারী রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন।
প্রাথমিকভাবে, কোলন ক্যানসার বা বৃহদান্ত্রের ক্যানসারে এটি প্রয়োগের জন্য প্রস্তুত। তবে গবেষকরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে গ্লিওব্লাস্টোমা (একটি মারাত্মক মস্তিষ্কের ক্যানসার) এবং মেলানোমা (গুরুতর ত্বকের ক্যানসার) প্রতিরোধেও এই প্রযুক্তি ব্যবহার করে ভ্যাকসিন তৈরির কাজ চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসার চিকিৎসার জগতে এটি হতে পারে একটি ‘গেম চেঞ্জার’ উদ্ভাবন। তবে এখনও ক্লিনিকাল ট্রায়াল এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে এই ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি কার্যকারিতা যাচাই করা হবে।
এই ভ্যাকসিন বিশ্বজুড়ে ক্যানসার রোগীদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে—বিশেষত সেইসব রোগীদের জন্য, যাদের জন্য প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলো খুব একটা কার্যকর হয়নি।


