মাথায় ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে জো বাইডেন, ক্যানসার অপসারণের পর প্রথমবার প্রকাশ্যে এলেন
দীর্ঘদিন পর জনসম্মুখে হাজির হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবার তাকে দেখা গেল ব্যতিক্রম এক চেহারায়— মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। শনিবার (৬ সেপ্টেম্বর) ডেলাওয়ার রাজ্যের একটি গির্জায় প্রার্থনায় অংশ নিতে এসে জনগণের নজরে আসেন ৮২ বছর বয়সী এই রাজনীতিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বাইডেন উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করছেন। তবে তার মাথার ডান পাশে ব্যান্ডেজ দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন।
বাইডেনের মুখপাত্র নিশ্চিত করেছেন, সম্প্রতি সাবেক এই প্রেসিডেন্ট Mohs Surgery নামে পরিচিত একটি অস্ত্রোপচারের মাধ্যমে ত্বকের ক্যানসার কোষ অপসারণ করিয়েছেন। এটি একধরনের বিশেষ পদ্ধতি, যেখানে ধাপে ধাপে ত্বক কেটে ক্যানসার আক্রান্ত টিস্যু সরিয়ে ফেলা হয়।
এর আগে ২০২৩ সালেও বাইডেনের বুকের একটি ত্বকের ক্ষত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকদের নজরে আসে এবং অপসারণ করা হয়। এমনকি প্রেসিডেন্ট হওয়ার আগেও তিনি একাধিকবার ত্বকের ক্যানসার অপসারণের চিকিৎসা নিয়েছেন।
চলতি বছরের জানুয়ারির পর থেকে বাইডেন খুব একটা প্রকাশ্যে আসেননি। রাজনৈতিক জনসভা বা গণমাধ্যমে সরব উপস্থিতি ছিল অনুপস্থিত। বিষয়টি নিয়ে নানা জল্পনা চলছিল। তবে আজকের উপস্থিতি সেই সব জল্পনার কিছুটা উত্তর দিলেও, তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এখনো কাটেনি সমর্থকদের।
উল্লেখযোগ্যভাবে, বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন বহু বছর ধরেই ক্যানসার প্রতিরোধ, চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। প্রেসিডেন্ট থাকার সময়ও বাইডেন ‘ক্যানসার মুনশট’ প্রকল্পের মাধ্যমে গবেষণা ও চিকিৎসায় বড় অগ্রগতি আনার ঘোষণা দেন।


