সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া
প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বাড়াতে বড় ধরনের চুক্তি করেছে সৌদি আরব ও সিরিয়া। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতাবিষয়ক এ চুক্তি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা জোরদারে কাজ করছে সৌদি আরব।
সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এক মাসের মধ্যে দুই নেতার এটি দ্বিতীয় বৈঠক। এ সময় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে চুক্তির আওতায় কী ধরনের সামরিক সহযোগিতা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরব ও সিরিয়ার মধ্যে সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ হিসেবে দেখা হচ্ছে এ উদ্যোগকে।
এর আগে সিরিয়ার এক কূটনীতিক জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা কিংবা অভিজ্ঞতা বিনিময়ের মতো যেকোনো উদ্যোগ সরকারি চুক্তির মাধ্যমেই সম্পন্ন হবে।
প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনেও সহায়তার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির অভ্যন্তরীণ উন্নয়ন কার্যক্রম জোরদার করতে ৪০ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সম্পর্ক পুনর্গঠনে সহায়তা দিয়ে আসছে সৌদি আরব।
নতুন এ চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা, অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


