বিনা নোটিশে ভারতে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর

বিনা নোটিশে ভারতে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর

ভারতের বেঙ্গালুরুতে ৪ শতাধিক মুসলিম পরিবার উচ্ছেদ

নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫

ভারতের কর্ণাটক রাজ্যে অন্তত ৪০০ মুসলিম পরিবারকে রাতারাতি গৃহহীন করার অভিযোগ উঠেছে। বেঙ্গালুরুর কোগিলু গ্রামের ফকির কলোনি ও ওয়াসিম লেআউট এলাকায় প্রায় ২০০টি ঘর উচ্ছেদ করার ফলে শত শত পরিবার মাথা গোজার জায়গা হারিয়েছে। খবর ইন্ডিয়া টুডে।

স্থানীয় সূত্র জানায়, বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড গত ২২ ডিসেম্বর ভোর ৪টায় এই উচ্ছেদ অভিযান চালায়। দুর্গম শীতকালে এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবন আরও সংকটাপন্ন হয়ে পড়েছে।

উচ্ছেদ হওয়া পরিবারগুলোর দাবি, তারা অন্তত ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছে এবং প্রত্যেকের কাছে বৈধ আধার কার্ড ও ভোটার আইডি রয়েছে। কোনো পূর্ব-নোটিশ ছাড়াই পুলিশ তাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে। অনেক পরিবার নথিপত্র বা আসবাবপত্র সরানোর সুযোগও পায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার প্রতিবাদে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন সোচ্চার হয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “দুঃখজনক, কর্ণাটকের কংগ্রেস সরকারের অধীনে সংখ্যালঘুবিরোধী রাজনীতি বাস্তবায়িত হচ্ছে। কোনো সরকার ভয় বা শক্তি ব্যবহার করে শাসন করলে সাংবিধানিক মূল্যবোধ ও মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত হয়।”

রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেসের এই পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের সঙ্গে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীরা বলছেন, উত্তর ভারতের বিজেপি-শাসিত রাজ্যগুলোর ‘বুলডোজার রাজনীতি’ কর্ণাটকেও কংগ্রেস অনুসরণ করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও উচ্ছেদ বৃদ্ধির ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উত্তর ভারত ও কংগ্রেসের রাজ্যগুলোতে মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদী গোষ্ঠীর নৃশংস আচরণ এবং সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটছে।