রোববার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী রোববার (২৮ ডিসেম্বর) তিনি ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের সমাধানে সম্ভাব্য আলোচনার ক্ষেত্র তৈরি করা। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, তিনি মার্কিন মধ্যস্থতায় প্রণীত শান্তি পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা গ্যারান্টির জন্য পৃথক প্রস্তাব নিয়ে আলোচনা করতে চান। তবে এক ঊর্ধ্বতন রাশিয় কর্মকর্তা বলেছেন, জেলেনস্কি-ট্রাম্প বৈঠকটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা থেকে আলাদা হবে।
এদিকে, রাশিয়ার নতুন বিমান হামলায় শনিবার রাতে কিয়েভ অঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন। শহরের বাসিন্দাদের আশ্রয়স্থলে যাওয়ার জন্য প্রশাসন আহ্বান জানিয়েছে। ইউক্রেনের মেজর ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী হামলা প্রতিহত করছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন চালাচ্ছে। বর্তমানে মস্কো দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এবং লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এই দুটি অঞ্চলকে মিলিয়ে ডনবাস নামে ডাকা হয়।
জেলেনস্কি এ বৈঠকে এমন নিরাপত্তা ও অর্থনৈতিক প্রস্তাব রাখতে চান, যেখানে ডনবাসের কিছু এলাকা ‘নিরস্ত্রীকৃত মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ হিসেবে উন্নয়নের সুযোগ পেতে পারে। তিনি জানিয়েছেন, ইউক্রেনের ২০-দফা পরিকল্পনার ৯০ শতাংশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং নতুন বছরের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি লিখেছেন, “আমরা এক মুহূর্তও নষ্ট করতে চাই না। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শীঘ্রই সর্বোচ্চ পর্যায়ে বৈঠক নিশ্চিত হয়েছে।”


