পাউডারে ক্যানসারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ফের ৪ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ
ট্যালকম পাউডারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান থাকার অভিযোগে মার্কিন বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে আবারও বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এবার ক্যালিফোর্নিয়ার আদালত দুই নারীকে মোট ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্ট এ রায় ঘোষণা করে। আদালতের আদেশ অনুযায়ী, ভুক্তভোগী মনিকা কেন্টকে ১ কোটি ৮০ লাখ ডলার এবং ডেবোরা শুলজ ও তার স্বামীকে ২ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে।
এর আগে চলতি বছরের অক্টোবরে ক্যানসারে মারা যাওয়া এক নারীর পরিবারকে প্রায় ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের মধ্যে ক্ষতিপূরণ ও দণ্ডমূলক জরিমানাও অন্তর্ভুক্ত ছিল।
সর্বশেষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের ভুক্তভোগীরা। তারা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে কোম্পানির বেবি পাউডার ব্যবহারের কারণেই তাদের ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হতে হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, মনিকা কেন্টের ক্যানসার ধরা পড়ে ২০১৪ সালে এবং ডেবোরা শুলজের ২০১৮ সালে। তারা দুজনই প্রায় চার দশক ধরে নিয়মিত গোসলের পর জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ব্যবহার করতেন বলে আদালতে জানান।
বাদীপক্ষের অভিযোগ, জনসন অ্যান্ড জনসন বহু বছর আগেই জানত যে তাদের ট্যালকম পাউডার ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এ বিষয়ে ভোক্তাদের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ক্যানসারের চিকিৎসায় ভুক্তভোগীদের একাধিক অস্ত্রোপচার ও দীর্ঘমেয়াদি কেমোথেরাপি নিতে হয়েছে।
যুক্তিতর্কে বাদীপক্ষের আইনজীবী অ্যান্ডি বার্চফিল্ড বলেন, ১৯৬০-এর দশক থেকেই কোম্পানিটি পণ্যের ঝুঁকি সম্পর্কে অবগত ছিল এবং তথ্য গোপনের চেষ্টা করেছে।
অন্যদিকে জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। কোম্পানির আইন বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেন, তাদের পণ্য নিরাপদ এবং এই অভিযোগের পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
কোম্পানির আইনজীবী অ্যালিসন ব্রাউন জানান, ট্যালকম পাউডার ব্যবহারের সঙ্গে ক্যানসারের সম্পর্ক কোনো বড় স্বাস্থ্য সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়নি এবং এ সংক্রান্ত দাবিগুলো বিভ্রান্তিকর।
আদালতের তথ্য অনুযায়ী, বর্তমানে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ট্যালকম পাউডার সংক্রান্ত প্রায় ৬৭ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, বেবি পাউডার ও অনুরূপ পণ্য ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের ক্যানসার হয়েছে। তবে জনসন অ্যান্ড জনসন বরাবরের মতোই দাবি করছে, তাদের পণ্য অ্যাসবেস্টস-মুক্ত ও মানবস্বাস্থ্যের জন্য নিরাপদ।


