ভারতের আগ্রাসনে ‘আরও কঠোর’ জবাব দেবে পাকিস্তান: সিডিএফ আসিম মুনিরের সতর্কবার্তা

ভারতের আগ্রাসনে ‘আরও কঠোর’ জবাব দেবে পাকিস্তান: সিডিএফ আসিম মুনিরের সতর্কবার্তা
নিউজ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫

ভারতের যেকোনো সম্ভাব্য আগ্রাসনের ক্ষেত্রে পাকিস্তান ‘আরও তীব্র ও দ্রুত’ পাল্টা জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চিফ অফ ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। দেশের প্রথম সিডিএফ হিসেবে নিয়োগ পাওয়ার পর জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অফ অনার অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুনির বলেন, “ভারতের ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকা উচিত নয়। আগ্রাসন হলে পাকিস্তানের জবাব হবে আরও কড়া।” মে মাসে তাঁর নেতৃত্বে ভারতকে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার ঘটনাও তিনি স্মরণ করেন।

পাক-আফগান উত্তেজনার প্রসঙ্গে সিডিএফ জানান, কাবুলে তালেবান সরকারকে স্পষ্ট জানানো হয়েছে যে, টিটিপি (ফিতনা আল-খাওয়ারিজ) কিংবা পাকিস্তান—একটিকে বেছে নেওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পাকিস্তান একটি শান্তিকামী রাষ্ট্র দাবি করে মুনির সতর্ক করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পরীক্ষার সুযোগ কারও থাকবে না।

নতুন প্রতিষ্ঠিত ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্সকে (ডিএইচকিউ) তিনি ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন। তাঁর মতে, সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত কাঠামো ভবিষ্যতের বহু-মাত্রিক অপারেশন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, “হুমকি বদলাচ্ছে, তাই সমন্বিত অপারেশন এখন অত্যাবশ্যক। তিন বাহিনী তাদের স্বায়ত্তশাসন বজায় রেখেই সমন্বিত কমান্ড কাঠামোর আওতায় কাজ করবে।”

ভবিষ্যৎ যুদ্ধের পরিবর্তিত চেহারার কথা উল্লেখ করে সিডিএফ বলেন, যুদ্ধক্ষেত্র এখন সাইবারস্পেস, ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, স্পেস, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং পর্যন্ত বিস্তৃত। সে অনুযায়ী সশস্ত্র বাহিনীকে নিজেদের সক্ষমতা বদলাতে হবে।

অনুষ্ঠানে পাকিস্তানের তিন বাহিনীর প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি ফিল্ড মার্শাল পদে উন্নীত মুনিরকে পাঁচ বছরের জন্য সিডিএফ ও সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান সরকার—দেশের ইতিহাসে যা বিরল ঘটনা।