ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে: কারাগারে সাক্ষাতের পর বোন উজমা

ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে: কারাগারে সাক্ষাতের পর বোন উজমা
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে অবশেষে দেখা করলেন তাঁর বোন উজমা খান। মঙ্গলবার আদিয়ালা কারাগারে প্রায় ২০ মিনিটের এই সাক্ষাতে ইমরানের শারীরিক অবস্থা, নিরাপত্তা এবং কারা পরিস্থিতি নিয়ে পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উজমা জানান, ইমরানের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি মানসিকভাবে অত্যন্ত চাপের মধ্যে আছেন। তাঁর দাবি—ইমরান খানকে দীর্ঘ সময় ধরে একটি কক্ষেই আটকে রাখা হচ্ছে, কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং এটি একটি পরিকল্পিত মানসিক নির্যাতন। তিনি এ পরিস্থিতির জন্য সরাসরি সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরকে দায়ী করেন।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে এই কারাগারেই বন্দি আছেন। দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলার বিচার চলছে তাঁর বিরুদ্ধে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উজমার সাক্ষাতের আগে কারাগার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। পিটিআইয়ের চলমান আন্দোলনের কারণে কারাগারের সামনে সড়ক বন্ধ করে দেওয়া হয়, নারী পুলিশসহ বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। দাঙ্গা নিয়ন্ত্রণে বিশেষ ব্যারিকেডও বসানো হয়।

উজমা ও ইমরানের আরেক বোন আলিমা খানসহ পরিবারের সদস্যরা কারাগারের দিকে পায়ে হেঁটে এগোতে চাইলে গোরখপুর চেকপোস্টে পুলিশ তাঁদের পথে আটকে দেয়। এর আগে পিটিআই জানিয়েছিল, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও পুলিশ তাঁদের ওপর দমন-পীড়ন চালিয়েছে।

তবে সরকারের দাবি ভিন্ন। মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ২০২৩ সালের ৯ মে ইমরান খানের প্রথম গ্রেপ্তারের পর যে সহিংসতা হয়েছে, তাতে ইমরানের বোনদের সম্পৃক্ততা রয়েছে বলে সরকারের বিশ্বাস।

ইমরান খানের পরিবার অভিযোগ করেছে—বন্দিদশায় তাঁর উপর চাপ বাড়ানো হচ্ছে এবং রাজনৈতিক প্রতিশোধ নিয়েই এসব করা হচ্ছে। তবে সরকার ও নিরাপত্তা বাহিনী এসব অভিযোগ অস্বীকার করছে।