জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল এনসিপি
স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অবস্থান জানান।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করেন। এতে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করা হয়।
ঘোষণাপত্রে বলা হয়, “জুলাই অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা এবং সংশ্লিষ্ট পরিবার ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা প্রদান করা হবে।” পাশাপাশি, ভবিষ্যৎ সরকার গঠনের পর এই ঘোষণাপত্রকে সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। এটি সময়োপযোগী একটি দলিল। তবে আমরা এটি ভালোভাবে পর্যালোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের যথাযথ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। তবে এই ঘোষণার বাস্তবায়ন শুরু হবে কখন এবং কিভাবে—সেটা স্পষ্টভাবে দেখতে চাই আমরা।”
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঘোষণাপত্রে প্রস্তাবিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথ এখনও স্পষ্ট নয়। বিশেষ করে, ঘোষণার বাস্তবায়নের দায়িত্ব ভবিষ্যৎ নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ায় কিছু অংশীজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


