: ফ্যাসিবাদ থেকে বাঁচলেও এনজিওর প্রভাবমুক্ত হতে পারিনি: রাশেদ খান

রাজনীতি
: ফ্যাসিবাদ থেকে বাঁচলেও এনজিওর প্রভাবমুক্ত হতে পারিনি: রাশেদ খান
নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, বাংলাদেশ আজ ফ্যাসিবাদী শাসন থেকে বেরিয়ে এলেও নতুন করে কিছু বিদেশি সংস্থার প্রভাবের মধ্যে পড়ে গেছে।

রোববার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি সরকার একপক্ষীয়ভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করেছে, যা গণঅভ্যুত্থানের অংশীজনদের উপেক্ষা করে তৈরি করা হয়েছে। ইতিহাস বিকৃতির প্রতিবাদে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদের খপ্পর থেকে বাঁচলেও এখন এনজিওর ছত্রছায়ায় পড়ে গেছি।”

রাশেদ খান বলেন, “আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ৫৪ বছর ধরে এককভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, ঠিক তেমনি এখন কিছু নবীন রাজনৈতিক দল চব্বিশের গণঅভ্যুত্থানকে তাদের একক সম্পত্তি মনে করছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “যেদিন এনসিপি নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেদিনই অন্তর্বর্তী সরকার সেই তারিখে নির্বাচন দেবে—এমন নির্বাচনের সিদ্ধান্ত আমরা কখনোই মেনে নেব না।”

প্রসঙ্গত, রাশেদ খান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও ভ্যাটবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “এই আন্দোলনগুলো ৩৬ দিনের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেগুলোর রাজনৈতিক মূল্যায়ন হওয়া দরকার।”

সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া যদি জুলাই ঘোষণাপত্র চাপিয়ে দেওয়া হয়, তবে যমুনার পরিণতি গণভবনের মতোই হবে।”