আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রস্তাবিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ঈদুল ফিতরে টানা ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ছুটির কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বছরের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। এতে সাধারণ ছুটির পাশাপাশি নির্বাহী আদেশে ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মূল দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে ছুটি হবে পাঁচ দিন।
অন্যদিকে, ঈদুল আজহার আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিন সাধারণ ছুটি মিলিয়ে এ উৎসবে মোট ছয় দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
শারদীয় দুর্গাপূজার ক্ষেত্রেও দুই দিনের ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
প্রস্তাবিত তালিকা অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।
তথ্য অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশের ১৪ দিনের মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে ছুটির দিনগুলোর চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


