২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃ’ত্যু

স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃ’ত্যু
৪ নভেম্বর ২০২৬

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। একই সময়ে সন্দেহজনক ও পরীক্ষায় নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৪০২ জনের হাম শনাক্ত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে আরও ৭৭ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময়ে হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন।

মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৫২০ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা পরিস্থিতির ওপর নজর রাখার প্রয়োজনীয়তা তুলে ধরছে।