তারেক রহমানকে মোদীর অভিনন্দন, ভারত সফরের আমন্ত্রণ

জাতীয়
তারেক রহমানকে মোদীর অভিনন্দন, ভারত সফরের আমন্ত্রণ
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পাঠানো এক অভিনন্দনবার্তায় মোদী বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বিজয় এবং পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্যও কামনা করেন তিনি।

চিঠিতে মোদী উল্লেখ করেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের শান্তি-সমৃদ্ধির আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের মধ্যে শক্তিশালী সামঞ্জস্য ভবিষ্যৎ সহযোগিতাকে আরও এগিয়ে নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ—এসব ক্ষেত্রে সহযোগিতা জোরদারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দ্রুত বিকাশমান দুই অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম।

চিঠিতে মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।