সিরাজগঞ্জে মামা-ভাগ্নে একসঙ্গে মন্ত্রিসভায়, জেলাজুড়ে আনন্দ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত নতুন মন্ত্রিসভায় সিরাজগঞ্জ জেলা থেকে একসঙ্গে স্থান পেয়েছেন মামা-ভাগ্নে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে শপথ নেয় নতুন মন্ত্রিসভা।
সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু পূর্ণমন্ত্রী হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি তার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া। এর আগে ২০০১ সালের জোট সরকারে তিনি বিদ্যুৎ ও কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার বাবা আব্দুল্লাহ আল মাহমুদ পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।
অন্যদিকে, টুকুর আপন ভাগ্নে সিরাজগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. এম এ মুহিত প্রথমবার নির্বাচিত হয়েই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের পুত্র।
সিরাজগঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে একজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পাওয়ায় জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। শপথের খবর পৌঁছাতেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়। বিশেষ করে শাহজাদপুর ও সদর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার দেখা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে জেলার দুই প্রতিনিধির অন্তর্ভুক্তি উন্নয়ন ত্বরান্বিত করবে।
তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নবীনের সমন্বয় দেখা গেছে। পূর্ণমন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদের মতো নেতারা। টেকনোক্র্যাট হিসেবে শপথ নিয়েছেন ড. খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ।
প্রতিমন্ত্রী হিসেবেও যুক্ত হয়েছেন একাধিক তরুণ মুখ। ড. এম এ মুহিত ছাড়াও অনিন্দ্য ইসলাম অমিত, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ইশরাক হোসেন, জুনায়েদ আব্দুর রহিম সাকি ও নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


