জামায়াত আমিরকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

জাতীয়
জামায়াত আমিরকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় শফিকুর রহমান-কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

প্রেরিত এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, জামায়াত আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেছে। তিনি এ জন্য শফিকুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও দায়িত্বশীল বক্তব্য দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে। একই সঙ্গে কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বানও ইতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বপালনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন ও সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। এ প্রেক্ষাপটে গণতন্ত্রকে অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলেও প্রত্যাশা জানান তিনি।

সবশেষে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং জাতীয় ঐক্য সুসংহত করতে তার অব্যাহত ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।