ফল ঘোষণার পর সহনশীল আচরণের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

জাতীয়
ফল ঘোষণার পর সহনশীল আচরণের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সহনশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব—সব মিলিয়ে গণতন্ত্রের প্রতি জাতির অঙ্গীকারের প্রমাণ মিলেছে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ধন্যবাদ জানান। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই বৃহৎ এই গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ আবারও প্রমাণ করেছে জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব।”

তিনি আরও বলেন, এই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল। এই ধারা অব্যাহত থাকলে গণতন্ত্র উৎকর্ষের শিখরে পৌঁছাবে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।